প্রথম পাতা » আমাদের কথা

আমাদের কথা

তৈলাক্ত বাঁশ ও পরিশ্রমী বানরের গল্পটি আর সমাপ্তি পায় না ।
আমরা ক্রমাগত উঠতে থাকি , উঠতে উঠতে পিছলে যাই ।
আমাদের জন্মক্ষন , আমাদের ধর্ম কোন কিছু বেছে নেয়ার অধিকার নেই ।
সার্টিফিকেটে জন্মতারিখ বসাচ্ছেন মূর্খ স্কুল শিক্ষক ,
কোথায় শ্রম দেব সেই সিদ্ধান্ত নেয় মামা-কাকার দল ,
কাকে বিয়ে করব কি করব না , সিদ্ধান্ত দিচ্ছেন রাশভারি অভিভাবক ।

আমাদের ভাবনার দায় নিয়েছে কর্পোরেটরা ,
তারা বলে দিচ্ছেন কোন পন্য আমাদের প্রয়োজন , কোনটা দরকারী নয় ।
রাষ্ট্র বলছে ভাতের বদলে আলু খেতে , কর্তৃপক্ষ বলছে চুপ থাকতে ।

আমাদের কন্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক ।
আমরা ভাবতে শিখছি না , ভাবার ভান করছি ক্রমাগত ।
বুকের মাঝে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই ।
আমাদের সম্পাদকরা নতজানু হন জাতীয় মসজিদে ,
পান খাওয়া দাত বের করে কেউ একজন বলে দিচ্ছেন আমরা কী ভাবব , আর কী ভাবব না ।

আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত ,
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার ,
আমাদের দূরদর্শনের পর্দা মূর্খ মালিকের গায়িকা স্ত্রীর রঙঢং ।

আশ্রয় ছিল অন্তর্জাল ।
হায় , সেখানেও মুখের উপরে ক্রমাগত স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা ।
লিখতে চেয়েছিলাম অনেক কিছুই , কিন্তু কানের কাছে ক্রমাগত হাউস দ্যাট চিৎকার করে
যাচ্ছে মূর্খ ইতররা ।
কেউ দরজায় আগল দিয়েছেন , কেউ ঘুম ভেঙ্গেই আমার সাজানো লেখাকে পাঠাচ্ছেন
কারাগারে ।

এখনই উপযুক্ত সময় কিছু একটা করার ।
এখনই তৈরী করতে হবে নিজের বাকভূম ।
গলা ছেড়ে বলার মতো একটা মঞ্চ চাই , বুক ভরে টেনে নেয়ার জন্য চাই একটু বিশুদ্ধ
বাতাস ।

আমারব্লগ.কম সেই প্রস্তুতি ও নিরীক্ষারই একটা পর্যায় ।
এখানে কর্তৃপক্ষ বলে কিছু থাকছে না ।
সাইটের জ্বালানি যারা আপাত :সরবরাহ করছেন তারা থাকবেন অন্ধ মূক ও বধির ।
এখানে পূর্ব পরীক্ষা দিতে হয় না যোগ্যতার , মেধার , মননের ।
ইগো দিয়ে ফুলানো আইনের বেলুন এখানে নাকের ডগায় ঝুলিয়ে রাখা হয় না নিরন্তর ।

কথা হোক ইচ্ছেমতো ।
যা বলা যায় , আর যায় না , সবই উঠে আসুক এখানে ।
হোক প্রস্তাব , আলোচনা ,তর্ক , বিতর্ক কিংবা গালাগালি ।
নিজের পায়ে দাড়ান শক্ত হয়ে ,অবস্থানকে রক্ষা করুন নিজ উদ্যোগে ।
বাধা কিংবা সমর্থন - কোন কাজেই কর্তৃপক্ষ এখানে দৃষ্টিগোচর নন ।
আত্মবিশ্বাসে চিৎকার করে বলুন -এই ব্লগ কর্তৃপক্ষের নয় , এই ব্লগ -আমারব্লগ ।

সেরকম একটা প্লাটফরম তৈরীতে আমরা ব্যস্ত আছি এখন ।
সেই প্লাটফরমে আপনাকে স্বাগত : জানাতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি নিরন্তর ।



Comments are closed.